বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রাণিসম্পদ খাতকে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে একটি আধুনিক, বিজ্ঞাননির্ভর ও পূর্ণাঙ্গ রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রযুক্তিগত উৎকর্ষ, উন্নত জাত উদ্ভাবন, কৃত্রিম প্রজনন, পর্যাপ্ত টিকাদান এবং খামার ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে এই খাতের অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই সপ্তাহের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গ্রামীণ অর্থনীতি সচল রাখা ও দারিদ্র্য বিমোচনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনের মূল ভিত্তি হলো পুষ্টি নিরাপত্তা, যার প্রায় ৬৫ শতাংশই পূরণ হয় দুধ, ডিম ও মাংস থেকে। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা মিটিয়ে এই খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত করা সম্ভব।
অর্থনীতিতে এই খাতের বর্তমান অবদান তুলে ধরে তারেক রহমান জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এর অংশীদারিত্ব ১৬ দশমিক ৫৬ শতাংশ। খাতটির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩০ শতাংশে। রপ্তানি আয়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত মাত্র ছয় মাসেই এই খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
দেশের পোল্ট্রি ও ডেইরি খাতের বিশাল কর্মযজ্ঞের তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক মিলিয়ে দুই লক্ষাধিক পোল্ট্রি খামার থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রায় ৫০ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগের এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যার ৪০ শতাংশই নারী। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি গবাদিপশু পালনের মাধ্যমে তাঁদের জীবিকা নির্বাহ করছেন।
ভবিষ্যৎ রপ্তানি বাজারের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে বাণিজ্যিকভাবে উর্বর ডিম (হ্যাচিং এগ) ও বাচ্চা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি ডিম রপ্তানি শুরু করেছে। স্বল্পমেয়াদে চামড়া ও পশুজাত উপজাত এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। এজন্য আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান বজায় রাখা, রোগমুক্ত অঞ্চল তৈরি এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে সরকার কাজ করছে। এছাড়া, দেশের চাহিদা মেটাতে বর্তমান ১৭টি রোগের টিকার পাশাপাশি আরও আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপকূলীয় চরাঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
বক্তব্যে পশুপাখির প্রতি মানবিক আচরণ ও প্রাণী কল্যাণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, ভয় ও অহেতুক নির্যাতন থেকে সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার থেকেই শিশু-কিশোরদের মধ্যে জীবের প্রতি মমত্ববোধ গড়ে তুলতে হবে, যাতে মানুষ ও প্রকৃতির প্রতিটি প্রাণী নিরাপদে সহাবস্থান করতে পারে। এছাড়া, খামারিদের সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের ক্রমবিকাশ এবং এই খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে খাতটির উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়। পদক বিতরণ শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে ৬৪টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। ঢাকার কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শক্তির আর কখনো পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন ঘà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ২৪ হà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আগের দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক মহড়ায় সাঁজোয়া যান চালিয়ে আট কি... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিতে গিয়ে আকস্মিক স্ট্রোকে না ফেরার দেশে চ... বিস্তারিত
ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর, মহà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি: দিনের শুরুতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবাà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ২৬ নভেম্বর ২০২৬: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শক্তির আর কখনো পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন ঘà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা à¦... বিস্তারিত